২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আগামী প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে আফ্রিকান দলটির গ্রুপ পর্বের পারফরম্যান্সের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘ওরা খুবই ভালো দল। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কেপ ভার্দে শক্ত প্রতিদ্বন্দ্বী এবং আমাদের জন্যও ম্যাচটি কঠিন করে তুলবে। স্পেনের মতো ফেভারিট দলের পাশাপাশি উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন, তাই আমাদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে। ওরা দ্রুতগতির, সংগঠিত এবং মানসম্পন্ন একটি দল।’
নকআউটে তাদের ম্যাচ আয়োজনের সূচি নিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। তার ভাষ্যে, ‘প্রচণ্ড গরমের মধ্যে এমন সময়ে খেলতে হবে, যার যৌক্তিকতা খুঁজে পাওয়া কঠিন। তবে যেহেতু সব দলকেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তাই এ নিয়ে বেশি অভিযোগ করার সুযোগ নেই।’
এদিন বদলি হিসেবে নেমে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। ম্যাচ শেষে অধিনায়কের প্রশংসায় স্ক্যালোনি বলেন, ‘আজ চাইলে মেসি পুরো ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, সে চাইলে নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করতে পারত। কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে সতীর্থদের সুযোগ দেওয়া এবং দলের প্রয়োজনকেই সে বেশি গুরুত্ব দিয়েছে। এটাই তার মহত্বের পরিচয়। জাতীয় দল, এই স্কোয়াড এবং সতীর্থদের প্রতি তার দায়বদ্ধতাই তাকে অন্যদের থেকে আলাদা করে। মেসিকে নিয়ে নতুন করে বলার মতো শব্দ সত্যিই আমার জানা নেই।’
পাপ্পু/অন্তরা/