বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (২৯ জুন) জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ম্যাচের আগে প্রতিপক্ষের মাইন্ড গেমসে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেলেকাও কোচ কার্লো আনচেলত্তি।
নকআউট পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল-জাপান লড়াই। গ্রুপ পর্বে দুই দলই অপরাজিত থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতি এবং স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই নকআউটে উঠেছে।
অন্যদিকে, ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান বিশ্বকাপ অভিযান শুরু করে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে। এরপর তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করে এশিয়ার প্রতিনিধিরা।
কাগজে-কলমে ব্রাজিল ফেভারিট হলেও জাপানের সাম্প্রতিক পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। শেষ ১০ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে তারা। এই সময়ে ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে এবং টোকিওতে ব্রাজিলকেও হারিয়েছে জাপান।
ম্যাচের আগে জাপানের ২১ বছর বয়সী স্ট্রাইকার কেন্তো শিওগাই ব্রাজিলকে ‘ক্ষয়িষ্ণু পরাশক্তি’ বলে মন্তব্য করেন। যদিও চলতি বিশ্বকাপে তিনি এখন পর্যন্ত মাত্র ছয় মিনিট মাঠে নামার সুযোগ পেয়েছেন।
শিওগাইয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, ‘অন্যরা কী বলছে, তা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমাদের পুরো মনোযোগ ম্যাচ এবং প্রতিপক্ষের শক্তিমত্তার দিকে। সম্ভাব্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সেরা প্রস্তুতিই নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ম্যাচের প্রস্তুতি এভাবেই নিতে হয়। ইংল্যান্ডে যেটিকে ‘মাইন্ড গেমস’ বলা হয়, আমরা সেটি করছি না। আমরা সেই পথে হাঁটছি না।’