বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জাতীয় দলের আকস্মিক ও হতাশাজনক বিদায়ে পদত্যাগ করেছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসির আল-মিশেহাল।
‘এইচ’ গ্রুপ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিদায় নেয় সৌদি আরব। উরুগুয়ে এবং কেপ ভার্দের সাথে ড্র করলেও স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আল-মিশেহাল লিখেছেন, ‘বিশ্বকাপের পরবর্তী পর্বে কোয়ালিফাই করতে জাতীয় দলের এই ব্যর্থতা আমাদের সবার প্রত্যাশার চেয়েও অনেক কম। আমি এর সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিচ্ছি এবং যারা আমাদের দলকে আরও ভালো অবস্থানে দেখতে চেয়েছিলেন, তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, দায়বদ্ধতার খাতিরেই নতুন একটি অধ্যায়ের সুযোগ করে দেওয়া উচিত। আর সেই উপলব্ধি থেকেই আমি চলতি মেয়াদের শেষ পর্যন্ত আর পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
আল-মিশেহাল দীর্ঘ সাত বছর ধরে এই পদে দায়িত্ব পালন করছিলেন। ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার ক্ষেত্রে সৌদির সফল বিডিং বা আবেদনের পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
এটি ছিল সৌদি আরবের টানা তৃতীয় এবং সব মিলিয়ে সপ্তম বিশ্বকাপ আসর। তবে টুর্নামেন্ট শুরুর দুই মাসেরও কম সময় আগে কোচ হার্ভে রেনার্ডের পরিবর্তে জর্জিওস দনিসকে দায়িত্ব দেওয়ায় দলটির বিশ্বকাপ প্রস্তুতি বেশ বড় ধাক্কা খেয়েছিল।
ফুটবলের মান বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার এই খেলায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এরই অংশ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের মতো বিশ্বের হাই-প্রোফাইল তারকাদের দলে ভিড়িয়েছিল সৌদির ক্লাবগুলো। কিন্তু বিপুল এই বিনিয়োগের পর এমন ফলাফল এলো।
পাপ্পু/অনিক/