দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
রবিবার (২৮ জুন) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৪৩৬ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৪৩ জন।
রংপুর বিভাগের ৮টি জেলার ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা ২১৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৮৩ হাজার ১৭৬ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৬৭০ জন, অনিয়মিত ২৯ হাজার ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন বলেন, আগামী ২ জুলাই সারাদেশের সঙ্গে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনেও এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা পরিচালনার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সবার আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
সুলতান মাহমুদ/অদিতি/