ঢাকা ১৫ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২৯ জুন ২০২৬

সর্বশেষ
তিন মাসের সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে সুইডিশ মন্ত্রী যুগ্ম সচিবে পদোন্নতি শিগগির এইচএসসি পরীক্ষার জন্য এসএমপির গণবিজ্ঞপ্তি ‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়ল চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই হাসপাতালে ভর্তি দীপু মনি ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা, অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর দলের ব্যর্থতায় সৌদির ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মসূচি নিয়েছে সরকার: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ডাবল ট্যাপ হামলা, শিশুসহ নিহত বেড়ে ৩৫ জাতীয় সংসদে সময় নির্ধারণে বৈষম্যের অভিযোগ জামায়াতের রাজবাড়ীতে রেললাইনে ট্রাক, ট্রেনের সি‌ডিউল উলটপালট জাপানের বিপক্ষে নেইমার খেলবেন কি? যা জানালেন আনচেলত্তি জাপান ম্যাচের আগে সতর্ক ব্রাজিল অর্থবছর পরিবর্তনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখুন করিডর : বিশিষ্টজনের অভিমত ভাঙ্গায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, জোড়া লাগার সম্ভাবনা নেই সোনারগাঁয় রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ, ১০ পরিবার অবরুদ্ধ করিডর নিয়ে আলোচনা ঢল ও বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, প্লাবিত হচ্ছে নীলফামারীর নিচু এলাকা সারাদেশে কালেমার পতাকা: নানা প্রশ্ন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই পার্কিং ভাড়া দিলে ভবনের হোল্ডিং নম্বর জব্দ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে: কুসিক প্রশাসক

সারাদেশে কালেমার পতাকা: নানা প্রশ্ন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:০২ পিএম
সারাদেশে কালেমার পতাকা: নানা প্রশ্ন
ছবি: খবরের কাগজ

‘কালেমা লেখাসংবলিত পতাকা’ প্রদর্শন নিয়ে সারা দেশে চলছে নানা রকম আলোচনা। আকস্মিকভাবে প্রায় একই সময়ে বিভিন্ন জেলায় কালেমাসংবলিত পতাকা ওড়ানো, মিছিল-শোডাউন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রচারের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও অনেকেই দাবি করেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামের প্রতি ভালোবাসা বা অনুরাগ থেকেই কালেমাসংবলিত পতাকা প্রদর্শন করা হয়েছে। কিন্তু সময়ের প্রেক্ষাপটে একসঙ্গে বিভিন্ন জেলায় এ ধরনের তৎপরতাকে ভিন্ন কোনো সংকেত বা সতর্কবার্তা দিচ্ছে কি না, সেটি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রগুলো বলেছে, রাজধানী ঢাকা, কক্সবাজার, নরসিংদী, মাগুরা, জামালপুর, গোপালগঞ্জ, ভোলাসহ অন্তত ১৫টি জেলায় গত দুই দিনে কালেমা লেখাসংবলিত সাদা বা কালো পতাকা প্রদর্শনের ঘটনা ঘটে। পরে তাদের সেসব কর্মসূচি বা তৎপরতার ছবি-ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমের অন্তত ২৪টি আইডি থেকে প্রকাশ করা হয়েছে। এসব ঘটনা সংঘবদ্ধ নাকি বিচ্ছিন্ন, সে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গতকাল খবরের কাগজকে বলেন, ‘যারা এ ধরনের পতাকা প্রদর্শন করেছেন বা আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের দাবি, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যেভাবে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা নিয়ে এখানে (বাংলাদেশে) মাতামাতি করা হচ্ছে, সেভাবে ইসলামের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসেবে কালেমা লেখা পতাকা প্রদর্শন করা হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা ইসরায়েলকে যুদ্ধের সমর্থন দেওয়াসহ এমন কিছু প্রেক্ষাপটেও কালেমা লেখা পতাকা তারা প্রদর্শন করেছেন।’

প্রায় একই সময়ে দেশের বিভিন্ন জেলায় এমনভাবে পতাকা প্রদর্শনের বিষয়টি অন্য কোনো সংকেত কি না, এমন প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম বলেন, ‘না, আমরা এমন কোনো ধরনের বিষয় দেখছি না। প্রাথমিক তদন্তে ইসলামের প্রতি গভীর ভালোবাসা বা অনুরাগ থেকেই কালেমা লেখাসংবলিত পতাকা প্রদর্শন করা হয়েছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে কাজ করছি।’ একাধিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, একই সময়ে বিভিন্ন স্থানে প্রায় অভিন্ন ধরনের পতাকা প্রদর্শন অন্য কোনো বার্তা দিচ্ছে কি না, সেটি তারা গভীরভাবে খতিয়ে দেখছে। যদি ধর্মীয় অনুরাগ-অনুভূতির বিষয় হয়, সেটি নিয়ে সমস্যার কিছু নেই। কিন্তু অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা খতিয়ে দেখা হবে।

খবরের কাগজের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা যায়, গত দুই দিনে আকস্মিকভাবে বিভিন্ন জেলায় সাদা এবং কালো রঙের ব্যানারে আরবি অক্ষরে কালেমা লেখাসংবলিত বিভিন্ন আকারের অনেক পতাকার প্রদর্শন করা হয়েছে। ওই সব পতাকা নিয়ে এলাকায়, এমনকি সারা দেশে আলোচনা বা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শাহপরীর দ্বীপে পতাকার কর্মসূচি পালন করে ‘আল হিদায়া ছাত্রসংগঠন’

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি জানান, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকায় গত শনিবার সড়কের দুই পাশে সারি সারি কালেমাসংবলিত সাদা-কালো পতাকা টাঙানো হয়। এসব পতাকা উত্তোলনের দায়িত্ব স্বীকার করে স্থানীয় ‘আল হিদায়া ছাত্রসংগঠন’। সংগঠনটির প্রতিনিধিরা জানিয়েছেন, ‘ইসলামকে ভালোবেসে এবং কালেমার প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যেই তারা এ উদ্যোগ নিয়েছেন। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই।’ যদিও সীমান্ত এলাকায় হঠাৎ করে এ ধরনের পতাকা টাঙানোর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে পুলিশ ও প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টেকনাফের আকিব নামের এক যুবক বলেন, ‘এ পর্যন্ত কোনো ফুটবল খেলার জার্সি কিনে টাকা নষ্ট করিনি। আমার পেছনে দেখা যাচ্ছে এত সুন্দর কালেমার পতাকা। এ দৃশ্য দেখে মনটা ভরে গেল।’ এ ছাড়া এক পোস্টে ‘আল হিদায়া ছাত্রসংগঠন’ নামের ফেসবুক পেজ থেকে লেখা হয়, এটি তাদের প্রথম কর্মসূচি। সবার প্রোফাইলে কালেমার এই পতাকাটি ব্যবহার করার আহ্বান জানায় তারা।

শাহপরীর দ্বীপ ডাঙারপাড়া এশা’আতুল ইসলাম ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক আনসারুল হক বলেন, ‘আল হিদায়া ছাত্রসংগঠনের উদ্যোগে এসব পতাকা টাঙানো হয়েছে। আমিও এতে অংশ নিয়েছি। মূলত কালেমার প্রতি ভালোবাসা থেকেই এ কাজে যুক্ত হয়েছি। এর বাইরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। পরে প্রশাসনিকভাবে চাপের বিষয়টি জানতে পেরে আমি নিজেই গিয়ে কিছু পতাকা নামিয়ে ফেলি।’

সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ আসেম বিল্লাহ তাহেরী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে কালেমাসংবলিত পতাকা উত্তোলন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় টেকনাফ সীমান্তেও আমরা এসব পতাকা উত্তোলন করেছি। ইসলামকে ভালোবেসেই এ উদ্যোগ নেওয়া হয়।’

গোপালগঞ্জে পবিত্র কালেমাখচিত সাদা পতাকা, জনমনে প্রশ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বিভিন্ন স্থানে তৌহিদী জনতার ব্যানারে টাঙানো হয়েছে পবিত্র কালেমাখচিত সাদা পতাকা। স্থানীয়রা জানান, গত শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি এলাকার কয়েকজন তরুণের উদ্যোগে গোপালগঞ্জ-বর্নি, সিঙ্গিপাড়া সড়কের বর্নি বাজার ব্রিজজুড়ে সারিবদ্ধভাবে টাঙানো হয় পবিত্র কালেমাখচিত সাদা পতাকা।

গত বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলার ঘাঘর ব্রিজের ওপর পবিত্র কালেমাখচিত সাদা পতাকা টাঙানো হয়। রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরদিন বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা সদরে পবিত্র কালেমাখচিত সাদা পতাকা নিয়ে করা হয় মোটরসাইকেল শোভাযাত্রা।

এ বিষয় গোপালগঞ্জ পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কিছু উৎসুক জনতা স্বপ্রণোদিত হয়ে কালেমাখচিত পতাকা নিয়ে সড়ক প্রদক্ষিণ করেছেন। এদের কোনো দলীয় পরিচয় আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জামালপুরে দুই উপজেলায় কালেমাখচিত পতাকা মিছিল

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় কালেমাখচিত সাদা ও কালো পতাকা নিয়ে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। গত বুধবার বিকেলে ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর ও গত শুক্রবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা শহরে এসব কর্মসূচি পালিত হয়।

স্থানীয়রা জানান, ভারতের আগ্রাসন, গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ এবং উগ্র হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচরে ‘চরাঞ্চল তৌহিদী জনতার’ উদ্যোগে কালেমাখচিত পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার ডিগ্রিরচর এলাকার স্থানীয় জামিয়া মফিজিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ ও পতাকা মিছিলটি বের হয়। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৪০০ মানুষ মিছিলে অংশ নেন।

এ ছাড়া শুক্রবার মাদারগঞ্জে কালেমাখচিত সাদা ও কালো পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদসংলগ্ন হাওয়াই রোড থেকে এই মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। অন্তত ১০টি মোটরসাইকেলে করে প্রায় ২০ জন এতে অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারী মাওলানা নুরুল হক বলেন, ‘ইসলামের পতাকা ও জাতীয় পাতাকা নিয়ে আমরা মিছিল করেছি। মুসলিম যুবসমাজের অন্তরে যেন কালেমা ঢুকে যায়। কালেমা ইসলামের মৌলিক বিষয়, এটা যেন তারা জানতে পারে, এ জন্য এই উদ্যোগ।’

মাগুরায় পতাকা উত্তোলন, পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা শহর ও জেলার বিভিন্ন স্থানে সম্প্রতি কালেমার পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে কয়েকটি কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, একটি পতাকা অপসারণের অভিযোগে প্রতিবাদ সমাবেশ এবং আশুরা উপলক্ষে আয়োজিত মিছিলেও কালেমার পতাকা প্রদর্শনের ঘটনা রয়েছে।

সমাবেশে সংগঠনের নেতারা জানান, রাজধানীর ঢাকা-যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর উত্তোলিত একটি কালেমার পতাকা অপসারণের ঘটনার প্রতিবাদ হিসেবে তারা মাগুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, এটি ধর্মীয় চেতনা ও তাওহিদের বাণী প্রচারের অংশ।

মাগুরা জেলা ইসলামী যুব সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তালহা বলেন, ‘কালেমার পতাকা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি আল্লাহর দীনের প্রতীক। আমরা শান্তিপূর্ণভাবে এই পতাকার মর্যাদা রক্ষা এবং ইসলামের মৌলিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

এদিকে শুক্রবার আশুরা উপলক্ষে মাগুরা শহরে আয়োজিত একটি মিছিলেও কালেমার পতাকা বহন করতে দেখা যায়। মিছিলটি ভায়নার মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে সমাবেশ করে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্যসচিব মোহাম্মদ হোসাইন, ছাত্রশক্তি মাগুরা জেলা শাখার সদস্যসচিব নিহাজ, যুব অধিকার পরিষদের নেতা রাজিব হোসেন, ছাত্রদল নেতা জিহাদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, পুরো বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি কোনো বিশেষ গোষ্ঠীর সুনির্দিষ্ট উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রম কি না, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

নরসিংদীর বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা নিয়ে রহস্য

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর বিভিন্ন স্থানে কালেমাখচিত সাদা-কালো পতাকা টাঙানো দেখা গেছে। এর মধ্যে পলাশ উপজেলার বিআরটিসি বাসস্ট্যান্ডেও এমন বেশ কয়েকটি পতাকা ঝুলতে দেখা যায়। তবে স্থানীয়রা জানাতে পারেননি, কে বা কারা এসব পতাকা টানিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা কমিটির সহসভাপতি মোবারক হোসেন বলেন, ‘কালেমাকে আমরা সব সময় সম্মান করি। তাই এভাবে রাস্তাঘাটে কালেমাখচিত পতাকা ঝুলতে থাকার বিষয়টি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগেনি। এ ধরনের পতাকা টাঙানোর বিষয়ে আমাদের দলের কোনো নির্দেশনাও নেই।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আমজাদ হোসেন বলেন, ‘হঠাৎ করে এ ধরনের সাদা-কালো পতাকা ঝোলানোর বিষয়টি আলোচনায় এসেছে। বিষয়টি সত্যিই রহস্যজনক। কে বা কারা এসব করছে, তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।’

রাজবাড়ীতে পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী শহরে কালেমাখচিত পতাকা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর শহরের বড়পুল মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে প্রায় অর্ধশত মোটরসাইকেল অংশ নেয়। মোটরসাইকেলগুলোতে কালেমাখচিত পতাকা লাগানো ছিল। এ ছাড়া অনেকের হাতে লাঠিতে বাঁধা কালেমার পতাকাও দেখা যায়।

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ীর নেতা মিরাজুল মাজিদ তুর্যও ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে ভিন্ন দেশের পতাকা ওড়ানো হচ্ছে। আমরা মনে করি, একটি স্বাধীন ও সার্বভৌম দেশে অন্য দেশের পতাকা ওড়ানো উচিত নয়। কয়েক দিন আগে আমাদের এক ভাই ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারে কালেমার পতাকা উত্তোলন করেছিলেন। পরে সেই পতাকা নামিয়ে ফেলা হয়। সেই ঘটনার প্রতিবাদ থেকেই আমরা কালেমার পতাকা নিয়ে এই শোভাযাত্রা করেছি। এটি কোনো রাজনৈতিক দলের ব্যানারে আয়োজন করা হয়নি।’ 

সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০১:০০ পিএম
সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ২ দোকান পুড়ে ছাই
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রামকৃষ্ণদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

সোমবার (২৯ জুন) ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভোর সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

অগ্নিকাণ্ডে বাজারের সুবল স্টোর এবং অবিরাম স্টোর নামে দুটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুটি দোকানের মালামাল ও টিনের চাল পুড়ে গেলেও দ্রুত পদক্ষেপের কারণে আশেপাশের আরও অনেক দোকান ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

মইনুদ্দীন আহমেদ/ অদিতি/

মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা, অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
মাইক্রোবাসে গরু চুরির চেষ্টা, অটোচালকের বুদ্ধিতে ধরা ২ চোর
ছবিঃ সংগৃহীত

রাস্তার পাশে বাঁধা একটি বাছুর। মুহূর্তের মধ্যে সেটিকে টেনে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে পালানোর চেষ্টা করেন দুই চোর। কিন্তু এক অটোচালকের সাহসিকতা আর স্থানীয়দের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। ঘটনাস্থলেই ধরা পড়ে কথিত চোরচক্রের দুই সদস্য।

রবিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি গরু ও বাছুরটি রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় একটি মাইক্রোবাসে বেলাল ও বিল্লাল নামে দুই যুবক বাছুরটিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে পালানোর চেষ্টা করেন। ঘটনাটির প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক হাবিবুল্লাহ তাৎক্ষণিক বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করে গণপিটুনি দেন। এ সময় মাইক্রোবাস থেকে বাছুরটিকে উদ্ধার করা হয়।

বাছুরটির মালিক আমান উল্ল্যা বলেন, আমার বাছুরটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকার মানুষ না থাকলে হয়তো আর ফিরে পেতাম না। যারা উদ্ধার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান আটক দুই যুবককে থানায় নিয়ে যান। চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
 
পুলিশ জানায়, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাহাদাত হোসেন/ অদিতি/

রাজবাড়ীতে রেললাইনে ট্রাক, ট্রেনের সি‌ডিউল উলটপালট

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:০১ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:১২ পিএম
রাজবাড়ীতে রেললাইনে ট্রাক, ট্রেনের সি‌ডিউল উলটপালট
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এতে খুলনা-ঢাকা রুটের নকশীকাঁথা ট্রেন ও রাজবাড়ী- ভাঙ্গা রুটের রাজবাড়ী এক্সপ্রেসের সূচি উলটপালট হয়ে গেছে। 

সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে সারবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জ জেলার দৌলতপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

দুর্ঘটনার খবরে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। প্রায় ছয় ঘণ্টা পর সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকা রাজবাড়ী এক্সপ্রেসও রাজবাড়ী রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি।

পরে রেললাইন সচল হওয়ার পর নকশীকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল বলেন, ’আমার ওস্তাদ (চালক) অসুস্থ বোধ করছিলেন। তখন তিনি আমাকে ট্রাক চালাতে বলেন। আমি ট্রাক চালানোর সময় হঠাৎ ঘুমিয়ে পড়ি। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়।’

রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, ’দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে কাজ শুরু করেন। সকাল ১০টার দিকে রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে ফেলা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে দুটি ট্রেনের সময়সূচিতে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে।’

সুমন/খাদিজা রুমি/

দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১২:১৪ পিএম
দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন
ছবিঃ খবরের কাগজ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

রবিবার (২৮ জুন) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

বোর্ড সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৪৩৬ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৪৩ জন।

রংপুর বিভাগের ৮টি জেলার ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা ২১৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। 

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৮৩ হাজার ১৭৬ জন, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৬৭০ জন, অনিয়মিত ২৯ হাজার ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।  
  
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন বলেন, আগামী ২ জুলাই সারাদেশের সঙ্গে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনেও এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা পরিচালনার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সবার আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।  

সুলতান মাহমুদ/অদিতি/ 

ভাঙ্গায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, জোড়া লাগার সম্ভাবনা নেই

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:২৮ এএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ১১:৪৫ এএম
ভাঙ্গায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী, জোড়া লাগার সম্ভাবনা নেই
অভিযুক্তের বাড়িতে উৎসুক জনতার ভিড়

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামী হানিফ শেখের (২৩) গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ ওঠেছে তার স্ত্রী সুমাইয়া আক্তারের (২২) বিরুদ্ধে।

সোমবার (২৯ জুন) সকাল ৮টার দিকে পৌরসদরের হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

হানিফ শেখ উপজেলার পুখুরিয়া গ্রামের রফিক শেখের ছেলে। স্ত্রী সুমাইয়া আক্তারের বাবার বাড়ি উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে। তারা স্বামী-স্ত্রী পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাস দুই আগে তারা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় বদিউজ্জামানের বাড়িতে বাসা ভাড়া নেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকে। রবিবার রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামী হানিফ শেখের গোপনাঙ্গ কেটে দেন তার স্ত্রী সুমাইয়া আক্তার।

এ সময় হানিফ শেখের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে  প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করেন। পরে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, ‘রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে রক্ত বন্ধের চেষ্টা করা হয়। তবে রোগীর পুরুষাঙ্গ সামান্য একটু ঝুলে ছিল। সেক্ষেত্রে জোড়া লাগানোর সম্ভাবনা নেই। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খবরের কাগজকে বলেন, অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা  চলমান।

এনকেবি নয়ন/আজহার/