ছবি: সংগৃহীত
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে সোমবার (২৯ জুন) রাতে বোস্টন স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে জার্মানি। ২০১৪ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলতে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল হিসেবে নকআউট নিশ্চিত করলেও পুরোপুরি ছন্দে ছিল না জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিলেও আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হারে জার্মানি। তবে ২০১৮ ও ২০২২ সালের মতো গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়নি।
জার্মানির সর্বশেষ নকআউট ম্যাচ ছিল ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল। সেই ম্যাচে মারিও গোটজের অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এরপর এবারই প্রথম নকআউটে উঠেছে দলটি।
অন্যদিকে, সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে। দ্বিতীয় ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও তুরস্ককে ১-০ গোলে হারায় তারা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটে জায়গা নিশ্চিত করে।
ইতিহাস অবশ্য প্যারাগুয়ের পক্ষে কথা বলছে না। পাঁচবার নকআউটে উঠলেও মাত্র একবার পরের রাউন্ডে যেতে পেরেছে তারা। বিশ্বকাপের নকআউট ইতিহাসে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেনি প্যারাগুয়ে, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গোলখরার রেকর্ড।
জার্মানি ও প্যারাগুয়ে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোতে অলিভার নয়ভিলের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল জার্মানি। তবে সর্বশেষ মুখোমুখিতে কেউ জেতেনি। ২০১৩ সালে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ শেষ হয়েছিল ৩-৩ সমতায়।
এদিকে নকআউট ম্যাচে জার্মানিকেই এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।
সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে জার্মানির জয়ের সম্ভাবনা ৫৪.৭ শতাংশ, প্যারাগুয়ের ২৩.১ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২২.৩ শতাংশ।
শুধু এই ম্যাচ নয়, বিশ্বকাপ জয়ের সম্ভাবনাতেও এগিয়ে জার্মানি। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪.৪ শতাংশ, যা অবশিষ্ট ৩২ দলের মধ্যে অষ্টম সর্বোচ্চ। অন্যদিকে প্যারাগুয়ের পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা ২১.৪ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ০.১ শতাংশ।
এসজি/