চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পরই ইংল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়। শেষ পর্যন্ত ‘কে’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করায় কঙ্গোর সঙ্গেই মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।
ইংল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শুরুতে দুটি দলের নাম সামনে ছিল ‘আই’ গ্রুপের তৃতীয় দল সেনেগাল এবং ‘কে’ গ্রুপের তৃতীয় দল ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। ‘কে’ গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছিল এই সমীকরণ।
বাঁচা-মরার লড়াইয়ে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে কঙ্গো। ম্যাচের ১০ মিনিটেই এলডর শমুরুদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। তখন মনে হচ্ছিল, ইংল্যান্ডের প্রতিপক্ষ হতে যাচ্ছে সেনেগাল।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কঙ্গো। ডি-বক্সে ইয়োয়ান উইসাকে ফাউল করলে পেনাল্টি থেকে সমতা ফেরান তিনি।
এরপর ৭৮তম মিনিটে ফিস্টন মায়েলের গোলে এগিয়ে যায় কঙ্গো। ম্যাচের শেষ দিকে উইসা নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ের সুবাদে গ্রুপের তৃতীয় স্থান দখল করে নকআউট পর্বে জায়গা করে নেয় কঙ্গো। এতে করে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয় কঙ্গো।
এই ফলাফলে টুর্নামেন্টের অন্যান্য সমীকরণেও পরিবর্তন এসেছে। কঙ্গোর জয়ের ফলে শেষ ৩২-এ সেনেগালের প্রতিপক্ষ হয়েছে বেলজিয়াম। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলের তালিকা থেকে ছিটকে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া।