গ্রুপ ‘কে’-এর শীর্ষস্থান নির্ধারণের ম্যাচে শুরু থেকেই দারুণ লড়াই উপহার দিয়েছে কলম্বিয়া ও পর্তুগাল। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হয়েছে ০-০ সমতায়।
রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে সমানতালে লড়াই করেছে দুই দল। দ্রুতগতির ফুটবলে একের পর এক সুযোগ তৈরি হলেও দুই গোলরক্ষকের দৃঢ়তায় স্কোরলাইন অপরিবর্তিত থাকে।
প্রথমার্ধে কলম্বিয়ার সবচেয়ে ভালো সুযোগটি আসে ২৫তম মিনিটে। জহন কর্দোবার জোরালো শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কোস্তা।
অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সামনে রেখে একাধিক আক্রমণ গড়ে তোলে পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও ফেলিক্সও আক্রমণে সক্রিয় ছিলেন। তবে শেষ মুহূর্তে কলম্বিয়ার রক্ষণভাগের দৃঢ়তায় জালের দেখা পায়নি রবার্তো মার্তিনেজের শিষ্যরা।
পরিসংখ্যানে প্রথমার্ধে কিছুটা এগিয়ে ছিল কলম্বিয়া। তারা মোট ১৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে পর্তুগাল ৯টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র ২টি।
প্রথম ৪৫ মিনিটে গোল না এলেও ম্যাচের গতি, আক্রমণের ধার এবং দুই গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে গ্রুপসেরার এই লড়াইয়ে উত্তেজনার কোনো কমতি ছিল না। দ্বিতীয়ার্ধে তাই গোলের অপেক্ষায় থাকবে দুই দলের সমর্থকরা।
এসজি/