আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শিরোপাধারী দলটি ‘জে’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে।
ডালাসে বাংলাদেশ সময় রবিবার (২৮ জুন) সকাল ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি লিওনেল স্কালোনির দলের জন্য কেবলই নিয়মরক্ষার বলা চলে। কারণ গ্রপ চ্যাম্পিয়ন হিসেবেই তাদের শেষ বত্রিশ নিশ্চিত হয়েছে। ফলে এ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নিতে চান আর্জেন্টিনা কোচ।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, এ ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে থাকবেন না। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।
রাউন্ড বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা সেটিও এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। আগামী ৪ জুলাই ভোরে মায়ামিতে কেপ ভার্দের মুখোমুখি হবে দলটি। নকআউট ম্যাচটির আগে নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন স্কালোনি।
সাম্প্রতিক অনুশীলনে যা দেখা গেছে, তাতে স্কালোনি প্রায় পুরোপুরি বিকল্প একাদশ মাঠে নামানোর পরিকল্পনা করছেন। তবে গোলবারের নিচে এমিলিয়ানো মার্তিনেজই থাকতে পারেন। রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে খেলবেন হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা গনসালো মন্তিয়েল।
মাঝমাঠে অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেও রাউন্ড অব ৩২-এর আগে ঝুঁকি থাকা সত্ত্বেও লিয়ান্দ্রো পারেদেস খেলবেন। তাকে সঙ্গ দেবেন এক্সেকিয়েল পালাসিওস। দুই উইংয়ে থাকবেন জুলিয়ানো সিমেওনে ও জিওভানি লো সেলসো।
আক্রমণভাগে লিওনেল মেসির পরিবর্তে শুরু করতে পারেন নিকো পাজ, যদিও লাউতারো মার্তিনেজও বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন। তবে হুলিয়ান আলভারেজের শুরুর একাদশে থাকা নিশ্চিত।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমেওনে, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ অথবা লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস