বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করতে হলে স্পেনের বিপক্ষে জয় কিংবা ড্র ছাড়া কোনো বিকল্প নেই উরুগুয়ের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ভুল করে বসেছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তার ভুলে গোল হজম করে প্রথমার্ধ শেষে পিছিয়ে আছে উরুগুয়ে।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারায় শুরু হওয়া ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় স্পেন। ডান দিক থেকে মার্কোস ইয়োরেন্তে নিচু করে বক্সে বল বাড়িয়ে দেন অ্যালেক্স বায়েনার উদ্দেশে। বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরেই শক্তিশালী শট নেন বায়েনা।
শটটি রুখতে ডান দিকে ঝাঁপিয়ে পড়েন মুসলেরা। দুই হাত ছোঁয়ানো সত্ত্বেও বলটি তার হাত ফসকে ধীরে ধীরে জড়িয়ে যায় জালে। তার এই অপ্রত্যাশিত ভুলেই সহজে লিড পেয়ে যায় স্পেন।
গোলের ঠিক আগ মুহূর্তেই উরুগুয়ের শিবিরে আসে বড় দুঃসংবাদ। মানুয়েল উগার্তে গুরুতর হাঁটুর চোটে পড়েন বলে ধারণা করা হচ্ছে। গোলের আগে সতীর্থের সঙ্গে সংঘর্ষে তিনি এই চোট পান। পরে স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয়। তার পরিবর্তে নিকোলাস দে লা ক্রুজ মাঠে নামেন।
বিরতির ঠিক আগে আরেকটি সুযোগ তৈরি করে উরুগুয়ে। রোনাল্ড আরাউহোর নিচু ক্রস ডারউইন নুনিয়েজ গোলে পাঠানোর চেষ্টা করলেও শেষ মুহূর্তে তা ক্লিয়ার করে দেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।
সালমান/