উসমান দেম্বেলের ঝলমলে হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ শীর্ষে থেকে শেষ করেছে ফ্রান্স। অনেক পরিবর্তিত নরওয়ে দলকে ৪-১ গোলে হারায় ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স। মাত্র ৭ মিনিটে এগিয়ে যায় তারা। নরওয়ের অর্ধে বল দখল করে কিলিয়ান এমবাপ্পে ডান প্রান্তে দেম্বেলেকে পাস দেন। বক্সে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করেন এই ব্যালন ডি’অর জয়ী।
২০তম মিনিটে দ্রুতগতির আরেক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন দেম্বেলে। ডান দিক থেকে ভেতরে কেটে এসে বাঁ পায়ে দারুণ কার্লিং শটে বল জালে পাঠান তিনি।
তবে নরওয়ে দ্রুতই জবাব দেয়। মাত্র ৭৯ সেকেন্ডের মধ্যে থেলো আসগার্ডের গোলে ব্যবধান কমায় তারা। ফ্রান্সের রক্ষণভাগের ঢিলেঢালা আচরণ কাজে লাগিয়ে গোল করেন রেঞ্জার্স মিডফিল্ডার।
তবে দেম্বেলের ঝলক থামেনি। কিছুক্ষণ পরই আবারও বাঁ পায়ের কার্লিং শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যা তাকে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার দৌড়ে নিয়ে আসে।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই পেনাল্টি পায় নরওয়ে। থিও হার্নান্দেজ বক্সের ভেতরে ওস্কার ববকে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন। তার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক মাইক মাইনিয়ঁ।
ম্যাচের ৭১ মিনিটে আবারও নরওয়ের আক্রমণ ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক। নরওয়ের হয়ে পেনাল্টি আদায় করা ওস্কার বব এই অর্ধে আরেকটি সুযোগ পেয়েছিলেন ম্যাচে উত্তেজনা ফেরানোর। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারলেন না তিনি। তার নেওয়া শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ম্যানিয়াঁ। দুর্দান্ত সেভে নরওয়েকে গোল পাওয়া থেকে বিরত রাখেন তিনি। তাতে শেষ ২০ মিনিটে ম্যাচে ফেরার বড় সুযোগ হারায় নরওয়ে।
এরপর অতিরিক্ত সময়ে (৯৪ মিনিটে) দেজিরে দুয়ে হেডে আরেকটি গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন। এই জয়ে ফ্রান্স গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে উঠেছে।
সালমান/