পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে মাগুরা শহরে একটি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর শহরের চৌরঙ্গী মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি, যুব অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের মধ্যে পানি বিতরণ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হোসাইন, ছাত্র শক্তি মাগুরা জেলা শাখার সদস্য সচিব নিহাজ, যুব অধিকার পরিষদের নেতা রাজিব হোসেন, ছাত্রদল নেতা জিহাদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা।
বক্তারা আশুরার তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
যুব অধিকার পরিষদের নেতা রাজিব হোসেন তার বক্তব্যে বলেন, মুসলমানদের মধ্যে বিদ্যমান বিভেদ দূর করে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন রয়েছে। তিনি রংপুরে একটি মন্দির নির্মাণের বিষয়েও নিজের মতামত তুলে ধরে সরকারের প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মুসলমানরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে।
কাসেমুর/এএফ