যশোরের শার্শায় সংবাদ সংগ্রহে গিয়ে ‘দৈনিক যশোর বার্তার সাংবাদিক আতিকুজ্জামান রিমু এক মাদককারবারির হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
আতিকুজ্জামান রিমু দৈনিক যশোর বার্তার শার্শা উপজেলা প্রতিনিধি।
এ ঘটনায় তিনি শুক্রবার (২৬ জুন) শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হামলার শিকার সাংবাদিক আতিকুজ্জামান রিমু জানান, বৃহস্পতিবার বিকেলে অফিসের অ্যাসাইনমেন্টে সংবাদ সংগ্রহের জন্য তিনি শার্শা এলাকায় যান। তথ্য সংগ্রহ শেষে সেখান থেকে ফেরার সময় শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে আগে থেকে ওঁত পেতে থাকা অভিযুক্ত মাদক কারবারি আরিকুল ইসলাম তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও শারীরিক নির্যাতন চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আতিকুজ্জামান রিমু জানান, হামলাকারী আরিকুল ইসলাম শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক-সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
শার্শা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনা শুধু একজন সংবাদকর্মীর ওপর হামলাই নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের অধিকারের ওপর একটি সুপরিকল্পিত আঘাত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘এ বিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে আরিকুল ইসলামের বিরুদ্ধে। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ প্রকাশের পর থেকেই স্থানীয় সংবাদকর্মীদের প্রতি তিনি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।
নজরুল/খাদিজা রুমি/রিফাত/