গান, কবিতা আর সহযোদ্ধাদের সশ্রদ্ধ স্মৃতিচারণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশিষ্ট সাংবাদিক, ভাষা সংগ্রামী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কামাল লোহানীর ৯২তম জন্মবার্ষিকী।
শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কমরেড মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।
উদীচী কেন্দ্রীয় সংসদের নেতারা কামাল লোহানীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীরা ‘কোন আলোতে প্রাণের প্রদীপ’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচীর কেন্দ্রীয় সম্পাদকণ্ডলীর সদস্য শিখা সেন গুপ্তা এবং ঢাকা মহানগর সংসদের আবৃত্তি সম্পাদক সুমিত পাল। একক সঙ্গীত পরিবেশন করেন বিজয় বণিক।
উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শিবাণী ভট্টাচার্য্যের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সভাপতি প্রবীর সরদার, সহসাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, সদস্য নিবাস দে, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, উদীচীর সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক বদিউর রহমানের কন্যা সুপা সাদিয়া এবং ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর সংগঠন বিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমান।
আলোচনায় বক্তারা কামাল লোহানীর প্রগতিশীল আন্দোলন-সংগ্রাম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন।
উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, "কামাল লোহানী তার দীর্ঘ জীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নিয়াজির আত্মসমর্পণের ঐতিহাসিক সংবাদটি তিনি নিজেই লিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাঠ করেছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০১২ সালে উদীচীর সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর কামাল লোহানী সারাদেশে সংগঠনকে বিস্তৃত করেন এবং ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশব্যাপী কর্মসূচিতে নেতৃত্ব দেন। এছাড়া গণজাগরণ মঞ্চের আন্দোলন ও উদীচীর নেতৃত্বে সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় কনভেনশন আয়োজনে তার ভূমিকা ছিল অনন্য।
সভাপতির বক্তব্যে শিবাণী ভট্টাচার্য্য বলেন, কামাল লোহানী ছায়ানট ও ক্রান্তির মতো সংগঠনে যুক্ত থেকে নৃত্য, আবৃত্তি ও অভিনয়ে অংশ নিয়েছেন। তিনি আমৃত্যু প্রগতিশীল সাংস্কৃতিক সংগ্রামের সাথে যুক্ত ছিলেন।
অন্যান্য বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, স্বৈরাচারবিরোধী উদীচী কেন্দ্রীয় সঙ্গীত বিভাগের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘আজি শুভদিনে পিতার ভবনে’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে কামাল লোহানীর ৯২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।
জয়ন্ত সাহা/এএফ