ফ্রান্স-নরওয়ের ম্যাচটি এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। একদিকে দুইদলের গ্রুপ সেরা হওয়ার লড়াই, অপরদিকে দুই দলের দুই সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হালান্ডেরও লড়াই। সবার দৃষ্টি তাই সেদিকেই। কিন্তু এরই মাঝে খেলবেন না লে ব্লুজের রক্ষণের অন্যতম সেরা সেনানি সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা। ফ্রান্সের গণমাধ্যম এল কুইপ জানিয়েছে এই তথ্য৷ আজ (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।
আর্সেনালের খেলোয়াড় সাবিলা গত দুইটি ম্যাচে ইরাক ও সেনেগালের বিপক্ষে দারুণ খেলেছেন। তিনি হলেন কোচ দিদিয়ের দেশমের অন্যতম ভরসা। আর এটাই স্বাভাবিক। কারণ এই পজিশনে তিনি বিশ্বের অন্যতম সেরা। তাকে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে না পাওয়া দলের জন্য অপূরণীয় ক্ষতি। তবে তাকে খেলানো হচ্ছে না সতর্কতার অংশ হিসেবে।
ম্যাচের আগে অনুশীলনে অংশ গ্রহণ করেননি সালিবা। তিনি প্রথম দুটি ম্যাচ খেলেছেন মূলত ইনজুরি নিয়েই। এ নিয়ে তিনি বলেন, ‘কয়েক মাস থেকেই আমি ছোটখাটো ইনজুরিতে ভুগছি। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের ম্যাচ থাকায় আমি ইনজুরি নিয়েই খেলেছি। আমার কোচিং স্টাফরা বিষয়টা বেশ ভালোভাবেই সামাল দিচ্ছেন। বিশ্বকাপ ফুটবল প্রতি চার বছর পর একবার আসে। এই আসর তো আর মিস করা যায় না। আমি পুরোপুরি ফিট ছিলাম না। তারপরও আমি খেলেছি।’
নরওয়ের বিপক্ষে আজকের ম্যাচে সালিবাকে না খেলানোর কারণ একদিকে ফ্রান্সের নকআউটে খেলা নিশ্চিত হয়ে যাওয়া, অপরদিকে নকআউট পর্বে যাতে শতভাগ ফিট সালিবাকে পাওয়া যায়। ফরাসি মিডিয়ার তথ্য অনুযায়ী আজকের ম্যাচে দেশমের একাদশে সালিবার পরিবর্তে ক্রিস্টাল প্যালেসের সেন্টার ব্যাক মাক্সেন্স লাক্রোয়ার খেলার সম্ভাবনা বেশি।
পলাশ/অনিক/