চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হতে এখনো অনেক দেরি। সবে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা চলছে।নকআউটের রোমাঞ্চ তো শুরুই হয়নি। তবে এরই মধ্যে দর্শক উপস্থিতির নতুন ইতিহাস তৈরি হয়েছে।
ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলমান আসরে দর্শকসংখ্যা এরই মধ্যে ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। যা সর্বকালীন রেকর্ড।
এর মধ্য দিয়ে ভেঙে গেছে ১৯৯৪ সালের বিশ্বকাপের প্রায় ৩৬ লাখ দর্শকের রেকর্ড।
বাংলাদেশ সময় বৃহষ্পতিবার (২৫ জুন) রাতে নিউজার্সিতে জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ চলাকালে দ্বিতীয়ার্ধে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে নতুন রেকর্ডের কথা জানানো হয়।
এসময় পুরো গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। করতালিতে মুখর হয়ে ওঠে গ্যালারি।
দর্শক উপস্থিতির এই রেকর্ড যে আরও বড় হবে, এতে কোনো সন্দেহ নেই। ৯৪’ বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছিল মাত্র ৫২টি ম্যাচ । অপরদিকে, এবারের সম্প্রসারিত আসরে ম্যাচের সংখ্যা ১০৪।
আয়োজকদের তথ্য অনুযায়ী, চলতি আসরে স্টেডিয়ামগুলোতে গড়ে ৯৯ শতাংশেরও বেশি দর্শকে পূর্ণ থাকছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, দর্শক উপস্থিতি আরও বেশি হতে পারত।
কলেজ অব দ্য হোলি ক্রসের ক্রীড়া অর্থনীতিবিদ ও ব্যবসা বিশেষজ্ঞ ভিক্টর ম্যাথিসনের মতে, টিকিটের উচ্চমূল্য এবং নির্দিষ্ট কিছু দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনেক সমর্থক ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠে এসে খেলা উপভোগ করতে পারছেন না।
তবুও ফুটবলপ্রেমীদের আগ্রহে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকোর স্পোর্টস ইকোনমিক্স বিশেষজ্ঞ ড্যান রাশার বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানুষ সবসময়ই খেলাধুলার এমন বড় বড় ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ভালোবাসে।’
পাপ্পু/তোফায়েল