লস অ্যাঞ্জেলসে নাটকীয় এক ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক। এরপরও অবশ্য তাদের এবারের বিশ্বকাপ যাত্রা গ্রুপ পর্বেই থামছে। তবে শেষটা অন্তত জয়ে রাঙাতে পারায় সন্তুষ্ট তুরস্কের কোচ ভিনসেঞ্জো মন্তেল্লা।
বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা মাথা উঁচু করেই দেশে ফিরতে পারছি। ফুটবল মাঝে মাঝে অনেক বেদনা দেয়, তবে আজ শেষ বাঁশি বাজার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আজকের এই একটি জয়ের মূল্য আমার কাছে অন্য এক হাজারটি জয়ের চেয়েও বেশি।’
টুর্নামেন্টজুড়েই তার দল প্রচুর গোলের সুযোগ সৃষ্টি করলেও ফিনিশিং দুর্বলতায় ভুগেছে বলে মন্তব্য করেন তুর্কি কোচ। তবে সুযোগ নষ্টের দায় কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর চাপাতে রাজি নন তিনি।
মন্তেল্লা বলেন, ‘প্রথম দুই ম্যাচে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। আগের ম্যাচগুলোর যেকোনো একটিতে যদি আমরা ড্র করতে পারতাম, তাহলে আজ পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে এটাও সত্য, ফুটবল সবসময় সবার প্রতি সুবিচার করে না।’
ম্যাচ শেষে ফুটবলারদের উচ্ছ্বাস ও উদযাপনকে তুর্কি জাতির গর্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই জয় ভবিষ্যতের জন্য দলকে নতুন আত্মবিশ্বাস জোগাবে’।
২০০২ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল তুরস্ক। ভবিষ্যতে আবার দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন মন্তেল্লা, ‘আশা করি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। তবে তার জন্য ২৪ বছর অপেক্ষা করতে হবে না। খুব শিগগিরই আমরা আবার বিশ্বমঞ্চে ফিরব।’
পাপ্পু/তোফায়েল