বিশ্বকাপের ‘জি’ গ্রুপে ম্যাচে শনিবার (২৭ জুন) সকাল ৯টায় মুখোমুখি হবে মিসর ও ইরান। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি শিমন মারচিনিয়াক।
গ্রুপের শীর্ষে থাকা মিসর জিতলে শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি ইরানকে বিদায় করে দেবে। ড্র হলেও মিসরের নকআউট নিশ্চিত হবে, তবে তখন ইরানের ভাগ্য নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর। অন্যদিকে ইরান জিতলে তারা নকআউটে উঠবে, যদিও গ্রুপে তাদের চূড়ান্ত অবস্থান নির্ভর করবে বেলজিয়ামের ফলাফলের ওপর।
৪৫ বছর বয়সী মারচিনিয়াক আন্তর্জাতিক ফুটবলের অন্যতম অভিজ্ঞ রেফারি। ২০০৮ সালে পোল্যান্ডের দ্বিতীয় বিভাগে অভিষেকের পর ২০১১ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি তার তৃতীয় বিশ্বকাপ। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালেও দায়িত্ব পালন করেন তিনি, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে।
এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৭১৩টি ম্যাচ পরিচালনা করেছেন মারচিনিয়াক। ক্যারিয়ারে তিনি ২,৮৯৪টি হলুদ কার্ড এবং ১৬১টি লাল কার্ড দেখিয়েছেন। এছাড়া ২০১৮ উয়েফা সুপার কাপ ও ২০২৩ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও তিনি রেফারির দায়িত্ব পালন করেন। টানা দুই বছর- ২০২২ ও ২০২৩ সালে আইএফএফএইচএস তাকে বিশ্বের সেরা রেফারি হিসেবে স্বীকৃতি দেয়।
মিসর-ইরান ম্যাচের ম্যাচ অফিসিয়ালরা
রেফারি: শিমন মারচিনিয়াক (পোল্যান্ড)
সহকারী রেফারি ১: তোমাশ লিস্তকিয়েভিচ (পোল্যান্ড)
সহকারী রেফারি ২: আদাম কুপশিক (পোল্যান্ড)
চতুর্থ কর্মকর্তা: ইউসুকে আরাকি (জাপান)
রিজার্ভ সহকারী রেফারি: জুন মিহারা (জাপান)
অনিক/