বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন থেকে সহসভাপতির দায়িত্ব পালনকারী এবং সিলেট বিভাগের সংবাদপত্র এজেন্ট ইসমাইল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৬ জুন) কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনে বাংলাদেশ সময় বেলা ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আইয়ুব খান এবং সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক।
তাদের স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, ইসমাইল একজন সদালাপী, সৎ, মিতব্যয়ী ও কর্মঠ সংগঠক ছিলেন। সংবাদপত্র এজেন্টদের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সংবাদপত্র এজেন্ট সমাজ একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানানো হয়েছে।
এসজি/