শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর। ঐতিহাসিক এই জয়ের পর দেশটিতে শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি দানিয়েল নোবোয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ (পূর্বনাম টুইটার) দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতি নোবোয়া বলেন, ‘ধন্যবাদ আমাদের খেলোয়াড় ও কোচকে, যারা নানা সমালোচনা, অপমান এবং কঠিন মুহূর্ত পার করার পরও ঘুরে দাঁড়িয়েছেন এবং পুরো দেশকে এই বিশাল আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন। আগামীকাল (শুক্রবার) দেশজুড়ে ছুটি!’
‘ই’ গ্রুপের সমীকরণ অনুযায়ী, নকআউটে যেতে হলে শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না ইকুয়েডরের। এর আগের দুই ম্যাচে আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সাথে ড্র করায় বেশ কোণঠাসা ছিল তারা।
কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই জার্মানির কাছে গোল হজম করে পিছিয়ে পড়েছিল এই দক্ষিণ আমেরিকান দলটি। তবে এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় তারা।
অবশ্য জার্মানি আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছিল। আর অন্য ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয়েছে আইভরি কোস্ট।
গ্রুপ পর্বের অন্যতম সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে শেষ বত্রিশের টিকিট কাটল ইকুয়েডর। নিজেদের ফুটবল ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছাল দেশটি। এর আগে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে প্রথমবার শেষ ১৬ তে জায়গা করে নিয়েছিল তারা।
পাপ্পু/তোফায়েল