ফিলাডেলফিয়ায় কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আইভরি কোস্ট। আফ্রিকার ‘দ্য এলিফ্যান্টস’দের এই রূপকথার পথচলা সামনে আরও দীর্ঘ হবে বলে বিশ্বাস করেন দলটির ফরোয়ার্ড নিকোলাস পেপে।
বাংলাদেশ সময় বৃহষ্পতিবার (২৫ জুন) রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে জোড়া গোল করে আইভরি কোস্টকে জয় উপহার দিয়েছেন পেপে। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন তিনি।
ম্যাচ শেষে ভিয়ারিয়ালের এই ফরোয়ার্ড বলেন, ‘আইভরি কোস্টের প্রথম দল হিসেবে বিশ্বকাপের নকআউটে পৌঁছাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জনের পেছনে দলের সবার কঠোর পরিশ্রম রয়েছে এবং আজ আমরা আমাদের সেই কষ্টের ফল পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের কোনো সীমারেখায় বেঁধে রাখছি না। আমাদের দারুণ সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা নকআউট পর্বে উঠে গেছি, এখন দেখা যাক সামনে কী হয়।’
‘ই’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে আইভরি কোস্ট। সমান পয়েন্ট হলেও হেড-টু-হেড সমীকরণে তাদের টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি।
নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আফ্রিকান পরাশক্তিরা। তবে দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
এর আগে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিনটি বিশ্বকাপ খেললেও প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল পশ্চিম আফ্রিকার এই দেশটিকে।
নকআউট পর্বের ম্যাচ খেলতে আইভরি কোস্ট এখন পাড়ি জমাবে ডালাসে। শেষ বত্রিশের ‘আই’ গ্রুপের রানার্স-আপ দলের মুখোমুখি হবে তারা। সমীকরণ অনুযায়ী, সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স কিংবা নরওয়ে।
পাপ্পু/তোফায়েল