বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হারের পরও বিচলিত নন জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যান। বরং এই হার থেকে শিক্ষা নিয়ে নকআউট পর্বের জন্য নিজেদের আরও প্রস্তুত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শুরুতেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে আগেই শেষ বত্রিশ নিশ্চিত করা সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সেই লিড ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচ শেষে নাগেলসম্যান বলেন, ‘এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে। তবে একই সঙ্গে আমাদের সামনের দিকেও তাকাতে হবে। আগামী ম্যাচে শুরু থেকেই দারুণ পারফর্ম করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
লিড নেওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় হতাশা প্রকাশ করেন জার্মান কোচ, ‘ম্যাচের কিছু নির্দিষ্ট মুহূর্তে আমাদের আরও শান্ত এবং একই সঙ্গে আরও বেশি সক্রিয় হতে হবে। যখন আপনি এত ভালো শুরু পাবেন এবং এগিয়ে যাবেন, তখন ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করতে ধৈর্য ধরতে হবে। আজ গোল পাওয়ার পর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে ফেলেছিলাম।’
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন নাগেলসম্যান। বিরতির সময় মাঠ ছাড়েন মিডফিল্ডার আলেকসান্দার । এছাড়া ৬৪তম মিনিটে বদলি করা হয় আরেক মিডফিল্ডার ফেলিক্স নমেচাকে।
খেলোয়াড় পরিবর্তনের বিষয়ে নাগেলসম্যান বলেন, ‘কোচ হিসেবে এটি সবসময়ই কঠিন সিদ্ধান্ত। কাউকে মাঠে নামাতে হলে অন্য কাউকে তুলে নিতেই হয়। ফেলিক্স এবং পাভলো দুজনই খুব ভালো খেলেছে। ম্যাচের শুরুতে তারা আমাদের ভালো নিয়ন্ত্রণ এনে দিয়েছিল। তাদের তুলে নেওয়ার কোনো পূর্ব পরিকল্পনা আমার ছিল না।’
পাপ্পু/তোফায়েল