টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। তবে বাড়ি ফেরার আগে স্মরণীয় এক জয়ই তুলে নিল তুরস্ক। শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে হারের স্বাদ দিল তারা।
লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) সকালে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে তুরস্ক।
ম্যাচের শুরুতেই যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়েছিলেন অ্যারন ট্রাস্টি। তবে খানিক পরেই আর্দা গিলেরের গোলে সমতা ফেরায় তুরস্ক। এরপর বারিস ইলমাজের গোলে লিড নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর সেবাস্টিয়ান বারহাল্টারের গোলে ম্যাচে ফিরে যুক্তরাষ্ট্র। তবে ম্যাচের শেষ শটে গোল করে তুরস্ককে জয়ের আনন্দে ভাসান কান আইহান।
টানা দুই জয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত ছিল বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের। এই ম্যাচে তাই নয় পরিবর্তন নিয়ে মাঠে নামে তারা। আসলে এই ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের ঝালাই করে নেওয়াই ছিল যুক্তরাষ্ট্র কোচের উদ্দেশ্যে।
রোমাঞ্চকর ম্যাচটায় শেষ পর্যন্ত হারলেও মূল লক্ষ্য যে তাদের পূরণ হয়েছে, এটা বলাই যায়।
শেষ ম্যাচে হারলেও গ্রুপসেরা হয়েই তারা নকআউটে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচে ২ জয় ও ১ হারে সর্বাধিক ৬ পয়েন্ট দলটির।
একই সময়ে শুরু হওয়া প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার গ্রুপের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সরাসরি দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। তিন ম্যাচে একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট তাদের।
এদিকে তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়ের পয়েন্টও ৪। মূলত অস্ট্রেলিয়ার সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। তবে তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে তাদেরও রাউন্ড অব বত্রিশে খেলার জোড়ালো সম্ভাবনা রয়েছে। ৩ পয়েন্ট পেলেও তুরস্ককে অবশ্য এখানেই থামতে হচ্ছে।
তোফায়েল/