২০২৬ ফিফা বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করায় গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বে যাওয়ার সমীকরণে যোগ হয়েছে নতুন কিছু জটিলতা। প্রথমবারের মতো প্রবর্তিত ‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশের মঞ্চে প্রতি ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পাশাপাশি যোগ দিবে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল। আর এই আটটি তৃতীয় দল নকআউটের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কোনো না কোনো গ্রুপ চ্যাম্পিয়নের।
তবে ১২টি গ্রুপের সবকটিতে তৃতীয় স্থান অধিকারী দলগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত ‘রাউন্ড অব ৩২’ এর সূচি পুরোপুরি চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না।
৪৯৫টি সম্ভাব্য সমীকরণ!
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর নীতিমালার ‘অ্যানেক্স সি’ তে একটি বিশেষ চার্ট দেওয়া হয়েছে, যেখানে গ্রুপ পর্ব শেষে শেষ বত্রিশের সম্ভাব্য সব কম্বিনেশন বা বিন্যাস তুলে ধরা হয়েছে। এই চার্ট অনুযায়ী, কোন কোন গ্রুপ থেকে সেরা তৃতীয় দলগুলো নকআউটে যাচ্ছে, তার ওপর ভিত্তি করে মোট ৪৯৫টি সম্ভাব্য ম্যাচ-আপ বা লড়াইয়ের সমীকরণ তৈরি হতে পারে। গ্রুপের কম্বিনেশন সামান্য এদিক-ওদিক হলেই বদলে যাবে শেষ বত্রিশের সূচি।
একটি উদাহরণ
‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে জার্মানি। এখন যদি এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ—এই আটটি গ্রুপ থেকে তৃতীয় দলগুলো নকআউটে কোয়ালিফাই করে, তবে জার্মানিকে লড়তে হবে ‘সি’ গ্রুপের তৃতীয় দলের বিরুদ্ধে। কিন্তু যদি ‘এইচ’ গ্রুপের পরিবর্তে ‘আই’ গ্রুপের তৃতীয় দলটি নকআউটে চলে আসে, তবে জার্মানির প্রতিপক্ষ বদলে যাবে। সেক্ষেত্রে তাদের খেলতে হবে ‘ডি’ গ্রুপের তৃতীয় দলের সাথে, যা হতে পারে প্যারাগুয়ে অথবা অস্ট্রেলিয়া।
মূলত একই গ্রুপের দুটি দল যেন কোয়ার্টার ফাইনালের আগে আবার মুখোমুখি হতে না পারে, সেজন্যই সূচিতে এই জটিল বিন্যাস বা পারমিউটেশন রাখা হয়েছে।
ইতোমধ্যে বাতিল হয়েছে বেশিরভাগ সমীকরণ
গ্রুপ পর্বের ম্যাচগুলো যত শেষের দিকে এগোচ্ছে, এই জটিলতা তত কমছে। হিসেব অনুযায়ী, ৪৯৫টি সম্ভাব্য কম্বিনেশনের মধ্যে তিন-চতুর্থাংশেরও বেশি কম্বিনেশন ইতোমধ্যে বাতিল হয়ে গেছে। এই জটিল সমীকরণের বেড়াজাল ভেঙে প্রথম তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে শেষ বত্রিশে নিজেদের প্রতিপক্ষ নিশ্চিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। নকআউটে তারা মুখোমুখি হবে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের। বর্তমানে যে কয়েকটি কম্বিনেশন টিকে রয়েছে, তার সবকটিতেই ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে ‘বি’ গ্রুপের তৃতীয় দলটিকে। আর সমীকরণ মিলে যাওয়ায় ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র এবং ‘বি’ গ্রুপের তৃতীয় দল বসনিয়ার ম্যাচটি সবার আগে চূড়ান্ত হয়ে গেছে।
থিওটোনিয়াস/