রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ বলছে, নিহতের যুবকের বয়স আনুমানিক ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হবে। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে ধাওয়া করে স্থানীয় একটি বিপণিবিতানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরনে ছিল কালো পাঞ্জাবি ও কালো রঙের প্যান্ট।
সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, নিহতের হাত, পা ও পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে রাখা হয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে বাংলাবাজারে তাজিয়া মিছিলে বের হয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রসহ ওই যুবককে ধাওয়া করে পাশের একটি বিপণিবিতানে নিয়ে যায়। সেখানে কুপিয়ে তাকে হত্যা করেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, আশুরা উপলক্ষে ওই এলাকার বিপণিবিতান বা মার্কেট বন্ধ ছিল, তবে বিপণিবিতানের কলাপসিবল গেট খোলা ছিল। ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেখ জাহাঙ্গীর/অন্তরা/