চলতি বাজেটেই গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘গুমের শিকার পরিবারগুলোকে সহায়তা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।’
শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিতে তিনি এসব কথা বলেন।
'মায়ের ডাক' এবং 'হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার' যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। গুম হওয়া পরিবারগুলোর নিয়মিত দেখভাল ও সার্বিক সহায়তার জন্য একটি বিশেষ 'সংসদীয় কমিটি' গঠনের পরামর্শ দেন তিনি।
ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা বিগত দিনগুলোর চরম বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন সংলাপে অংশ নিয়ে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে যদি বিচারহীনতার সংস্কৃতি বজায় থাকে, তবে আবারও গুমের মতো ঘটনা ফিরে আসতে পারে, যা সামগ্রিক নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে দেবে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বস্ত করে বলেন, ’বর্তমান সরকার গুমের শিকার পরিবারগুলোর আইনি সহায়তা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, ভবিষ্যতে যেন এমন মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।’
খাদিজা রুমি/রিফাত/