ছবি -মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সর্মথকদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়
কমলগঞ্জ পৌর ফুটবল অ্যাকাডেমির আয়োজনে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলটা ছিল যেন অন্যরকম! রঙ, আবেগ আর উচ্ছ্বাসে ভরা যেন এক টুকরো লাতিন আমেরিকা। বিশ্ব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মুখোমুখি লড়াই ঘিরে মৌলভীবাজারের কমলগঞ্জে তৈরি হয় উৎসবের আবহ।
স্লোগান, পতাকা আর প্রিয় দলের জার্সিতে মোড়া দর্শকদের উপস্থিতিতে ছোট্ট মাঠটি রূপ নেয় এক প্রাণবন্ত স্টেডিয়ামে। সেই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত এক গোলের জয়ে হাসি ফোটে আর্জেন্টিনা সমর্থকদের মুখে।
দুই দলের সমর্থকদের পতাকা, জার্সি, স্লোগান আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। যেন ক্ষুদ্র পরিসরে ফিরে আসে বিশ্ব ফুটবলের চিরচেনা ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের আবহ।
ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে আজাদ একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক দল সমতায় ফেরার একাধিক সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনা দলের দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের নৈপুণ্যে আর কোনো গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
আয়োজকদের মতে, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান তারা। দর্শকরাও এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন প্রতিযোগিতার দাবি জানান।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খানসহ স্থানীয় নেতারা।
পুলক পুরকায়স্থ/তামান্না রুপা/