টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জিআই স্বীকৃত তাঁত শিল্প টিকিয়ে রাখতে ক্ষুদ্র উদ্যোক্তা ও তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন গতি আনবে।’
শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম দিনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
এ সময় নিজ নির্বাচনি এলাকার উন্নয়নের দাবিতে প্রতিমন্ত্রী বলেন, ‘জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি শিল্প রক্ষায় তাঁতিদের সহজ শর্তে ঋণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, টাঙ্গাইলে আধুনিক ট্রেন সার্ভিস চালু এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন জোরদারের দাবি জানান তিনি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি জানান, প্রস্তাবিত বাজেটে মৎস্য খাতে ৬০৪ কোটি এবং প্রাণিসম্পদ খাতে প্রায় ১ হাজার ১১৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা উৎপাদন, আধুনিকায়ন ও রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহায় দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ সম্ভব হয়েছে। পোল্ট্রি শিল্পের বিকাশে কৃষি খাতের মতো কর ও শুল্ক সুবিধা দেওয়ারও আহ্বান জানান তিনি।’
এলিস/রিফাত/