ডিজিটাল যুগের সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য-যাচাই (ফ্যাক্টচেক) এবং আধুনিক ডিজিটাল টুলসের কার্যকর ব্যবহারে সাংবাদিকদের দক্ষ করে তুলতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের কর্মসূচি শুরু হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণ পরিচালনা করছে।
শনিবার (২৭ জুন) পিআইবির সম্মেলন কক্ষে ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক বিষয়ক প্রশিক্ষণ’ শুরু হয়েছে। রবিবার প্রশিক্ষণ সমাপ্ত হবে।
প্রশিক্ষণে অংশ নিয়েছেন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম এবং ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মে কর্মরত রিপোর্টার, সাংবাদিক, ফিচার লেখক, সম্পাদক, আলোচক ও ভিডিও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা।
পিআইবির এ কর্মসূচির মূল লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি অংশগ্রহণকারীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে তারা আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ ও ফিচার তৈরি করতে পারেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্য-যাচাইয়ের বিভিন্ন টুল ব্যবহারের কৌশল, বিকৃত বা পরিবর্তিত ছবি ও ভিডিও শনাক্তকরণ, অনুসন্ধানী প্রতিবেদনে এআই-ভিত্তিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের ব্যবহার, সংবাদ লেখায় এআইয়ের দায়িত্বশীল প্রয়োগ এবং ডিজিটাল স্টোরিটেলিংয়ের আধুনিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা পাবেন। এছাড়া সাংবাদিকতায় তথ্য-যাচাইয়ের কার্যকর কর্মপ্রবাহ গড়ে তোলার বিষয়েও ধারণা পাবেন।
পিআইবির কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এখন সময়ের দাবি। বিশেষ করে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি-ভিডিও এবং এআই-নির্ভর কনটেন্টের বিস্তারের এ সময়ে নির্ভুল তথ্য যাচাই ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের ফ্যাক্টচেক টুল ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি ডিজিটাল সাংবাদিকতার নৈতিক চর্চা, তথ্য যাচাইয়ের কার্যকর কৌশল এবং এআই-সহায়ক সংবাদ নির্মাণে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান।
রাজু/এসএন