দেখতে দেখতে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষ। বাংলাদেশ সময় রবিবার (২৮ জুন) সকালে ‘জে’ গ্রুপের দুই ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। তবে শেষ বত্রিশে কোন কোন দল যাচ্ছে, তা এরই মধ্যে অনেকটা পরিস্কার হয়ে গেছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেই ‘জে’ গ্রুপ থেকে নকআউটে খেলা নিশ্চিত করেছে। আগামীকাল জর্ডানের বিপক্ষে ফল যেটাই হোক, লিওনেল স্কালোনির দলের গ্রুপসেরা হওয়াও নিশ্চিত।
এমনকি নকআউটের প্রথম ধাপে তাদের প্রতিপক্ষও চূড়ান্ত। শেষ বত্রিশে লিওনেল মেসিরা মুখোমুখি হবে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে চমক দেখানো কেপ ভার্দের। যারা ‘এইচ’ থেকে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে।
এখন প্রতিটি নকআউট ম্যাচ সফলভাবে অতিক্রম করতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য সূচি হবে এমন— ৩ জুলাই মিয়ামিতে শেষ বত্রিশের ম্যাচ, ৭ জুলাই আটলান্টায় শেষ ষোলো, ১২ জুলাই কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনাল, ১৫ জুলাই আবারও আটলান্টায় সেমিফাইনাল এবং ১৯ জুলাই নিউ জার্সিতে ফাইনাল।
নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ। আপাতত নিশ্চিত কেবল শেষ বত্রিশের প্রতিপক্ষ কেপ ভার্দে। শেষ ম্যাচে চমক দেখিয়ে শক্তিশালী গ্রুপ থেকে রানার্সআপ হয়ে তারা জায়গা করে নিয়েছে নকআউটে।
ওই গ্রুপ থেকে উরুগুয়ে কিংবা স্পেনের ওঠার সম্ভাবনাই বেশি মনে করা হচ্ছিল। শেষ পর্যন্ত স্পেন গ্রুপসেরা হয়েছে। আর দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে বিদায় নিয়েছে।
কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোতে উঠতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশর। অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হলে ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হবে, যেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও, গ্রুপ ‘কে’-এর শীর্ষ দল—কলম্বিয়া কিংবা পর্তুগালের মধ্যে কোনো একটি দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া নিজেদের গ্রুপে রানার্সআপ নিশ্চিত করা সুইজারল্যান্ডও সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে।
সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে ব্রাজিল কিংবা ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ আসতে পারে। আর ফাইনালে উঠতে পারলে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস অথবা জার্মানির বিপক্ষে শিরোপা লড়াইয়ের সম্ভাবনা প্রবল।