হট ফেভারিট হিসেবে এবারের বিশ্বকাপে পা রেখেছিল স্পেন। যদিও নবাগত কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারিয়ে আসর শুরু হয়েছিল তাদের। তবে এরপর সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে সেরা হয়েই তারা নকআউট পর্ব নিশ্চিত করেছে।
২০১০ আসরের চ্যাম্পিয়নদের ফাইনালে যেতে হলে কেমন পথ পাড়ি দিতে হবে, এখন সেনিয়ে আলোচনা চলছে। গ্রুপসেরা হওয়ার ফলে অন্তত কোন কোন ভেন্যুতে তাদের খেলতে হতে পারে, সেটি এরই নিশ্চিত হয়ে গেছে।
গ্রুপসেরা হওয়ায় আগামী ২ জুলাই লস অ্যাঞ্জেলেসে শেষ বত্রিশের ম্যাচে মাঠে নামবে স্পেন। বাংলাদেশ সময় রাত ১ টায় অনুষ্ঠিতব্য সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ‘জে’ গ্রুপের রানার্সআপ দল। যে স্থানটির জন্য লড়াইয়ে আছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। রবিবার সকালে তাদের মুখোমুখি লড়াই শেষে বিষয়টি নিশ্চিত হবে।
শেষ বত্রিশের বাধা পেরোতে পারলে ৬ জুলাই ডালাসে অনুষ্ঠিত হবে স্পেনের শেষ ষোলোর ম্যাচ। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া, ঘানা কিংবা ক্রোয়েশিয়া। তবে রবিবার সকালে ‘কে’ গ্রুপের ম্যাচে কলম্বিয়া যদি পর্তুগালকে হারায়, তাহলে নকআউটের সমীকরণে পরিবর্তন আসতে পারে।
কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে আবারও লস অ্যাঞ্জেলেসে ফিরবে স্পেন। ১০ জুলাই অনুষ্ঠিত হবে শেষ আটের ওই লড়াই। যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় মরিসিও পোচেত্তিনোর যুক্তরাষ্ট্র। অবশ্য এই ম্যাচের পথে থাকা দলগুলোর মধ্যে বেলজিয়ামও আছে।
সেমিফাইনালে জায়গা করে নিতে পারলে ১৪ জুলাই ডালাসে আবারও মাঠে নামবে স্পেন। সেই ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স।
সেমিফাইনাল জিতে গেলে ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। আর সেমিফাইনালে পরাজিত হলে ১৮ জুলাই মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হবে স্পেনকে।