সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়েছে। এ সময় রুবেল মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও দুটি নৌকা জব্দ করা হয়। পাশাপাশি একজনকে আটক করা হয়।
রুবেল মিয়া গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানের নির্দেশনায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়ার নেতৃত্বে এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্য ও জব্দ করা যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। এ ঘটনায় আটক রুবেল মিয়ার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এসব পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন। একইসঙ্গে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
রিফাত/