তৃণমূলের মানুষের কল্যাণেই এ বাজেট, বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।’
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই। দুর্নীতি ও অর্থপাচার রোধ করা গেলে এ বাজেট সফলভাবে বাস্তবায়ন সম্ভব।’
প্রতিমন্ত্রী জানান, বর্তমান বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর কর কমানো হয়েছে। ফলে বাজারে মূল্যবৃদ্ধির অতিরিক্ত চাপ সৃষ্টি হয়নি। খাদ্যপণ্য, কৃষিপণ্য, মাছ, মাংস, ভোজ্যতেল, চিনি ও দুধসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে কর রেয়াত জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য খাতে হৃদরোগের রিং, ডায়ালাইসিস সেবা এবং ওষুধ শিল্পের ১৭টি কাঁচামালের শুল্ক কমানো হয়েছে, যা চিকিৎসা ব্যয় হ্রাসে ভূমিকা রাখবে।’
মীর শাহে আলম জানান, কৃষক কার্ড কর্মসূচির জন্য ১ হাজার ৬২ কোটি টাকা এবং প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে ১২ হাজার ৩৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জন্য ৪০ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অর্থায়নের মাধ্যমে ৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ, ৯ হাজার কিলোমিটার সড়ক সংস্কার, ২৩ হাজার মিটার সেতু-কালভার্ট নির্মাণ, ৫৫টি সাইক্লোন সেন্টারের উন্নয়ন এবং ১ লাখ ২০ হাজার নলকূপ স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যেও বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।’
বিরোধী দলের সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতের অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।’
বাজেট সফলভাবে বাস্তবায়নে তিনি সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
এলিস/রিফাত/