মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ড্রেসিংরুমে একটি হাতে লেখা বার্তা রেখে গেছে ইরান দল। সিয়াটলের আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে চিঠিতে দলটি লিখেছে, ন্যায্যতাই ফুটবলের প্রকৃত আত্মা।
ম্যাচের যোগ করা সময়ে শোজা খলিলজাদেহ গোল করে ইরানকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। গ্যালারিতে থাকা ইরানি সমর্থকরা তখন উল্লাসে ফেটে পড়েন। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হলে হতাশায় ভেঙে পড়ে দলটি।
ইরান ফুটবল ফেডারেশন প্রকাশিত ওই বার্তায় লেখা হয়, ‘কোনো দল হয়তো গ্রুপ পর্ব পেরিয়ে যেতে পারে, কিন্তু ন্যায্যতা ও সম্মানের মাধ্যমেই ইতিহাসের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। ফেয়ার প্লে শুধু ফুটবলের নিয়মের একটি অংশ নয়, এটি এই খেলার আত্মা।’
বার্তায় আরও বলা হয়, ‘সিয়াটলকে আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর সেই সব ইরানিদের প্রতিও কৃতজ্ঞতা, যারা তাদের হৃদয়, কণ্ঠ এবং সর্বস্ব দিয়ে ইরানকে সমর্থন করেছেন।’
এর আগে, বেলজিয়ামের বিপক্ষে ড্র করার পরও লস অ্যাঞ্জেলেসে একই ধরনের একটি বার্তা রেখে গিয়েছিল ইরান দল।
গ্রুপ ‘জি’-তে তিন পয়েন্ট নিয়ে তিনে থাকা ইরান এখন অপেক্ষায় আছে। রবিবার (২৮ জুন) গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করবে তারা সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে নকআউটে (রাউন্ড অব ৩২) উঠতে পারবে কি-না।
যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধের কারণে ইরানকে তাদের সব ম্যাচ খেলতে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হয়েছে। যদিও মিশরের ম্যাচের আগে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। ম্যাচ শেষে ইরানের কোচ আমির ঘালেনোয়ি ও অধিনায়ক মেহদি তারেমি এই বিধিনিষেধের কঠোর সমালোচনা করেন। তারা উভয়েই পরিস্থিতিকে ‘অন্যায্য’ বলে উল্লেখ করেন।
সালমান/