মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সাঁজোয়া যানের দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তবে বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বিষয়ে জানানো হয়।
পোস্টে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার বাংলাদেশ লাইট কুইক রিয়েকশন ফোর্সের (বিএএনএলকিউআরএফ) একটি এস্কোর্ট দল এনডেলে থেকে বামিঙ্গুই যাচ্ছিল।
এসময় বহরের একটি সাঁজোয়া যান সড়ক দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। বর্তমানে সকলেই আশঙ্কামুক্ত রয়েছেন।
উল্লেখ্য, কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে মাইন বিস্ফোরণ/ সন্ত্রাসী হামলা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
এসএন/