বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে ডালাসে মুখোমুখি হবে জর্ডান ও আর্জেন্টিনা। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন এক ম্যাচে রেকর্ড ১৮ কার্ড দেখানো রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাচ।
রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এটি কোভাচের প্রথম বিশ্বকাপ। এর আগে চলতি আসরে জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৮ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি কোভাচ মূলত রোমানিয়ার সুপার লিগে নিয়মিত ম্যাচ পরিচালনা করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার অভিজ্ঞতা কম নয়। ২০২২ সালে রোমা ও ফেইয়েনুর্দের মধ্যকার প্রথম উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ফাইনাল পরিচালনা করেছিলেন তিনি, যেখানে ১-০ ব্যবধানে জয় পায় রোমা।
ইউরো ২০২৪-এ তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে ১৬টি হলুদ ও ২টি লাল কার্ড, মোট ১৮টি কার্ড দেখিয়ে আলোচনায় আসেন কোভাচ। যা ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ কার্ড প্রদর্শনের রেকর্ড।
এর পরের বছর কোভাচ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও পরিচালনা করেন, যেখানে ইন্টার মিলানকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় শিরোপা জেতে পিএসজি।
জর্ডান-আর্জেন্টিনা ম্যাচের ম্যাচ অফিসিয়ালরা:
রেফারি: ইস্তভান কোভাচ (রোমানিয়া)
সহকারী রেফারি ১: মিহাই মারিকা (রোমানিয়া)
সহকারী রেফারি ২: ফেরেঞ্চ তুনইয়োগি (রোমানিয়া)
চতুর্থ কর্মকর্তা: দাহানে বেইদা (মরিতানিয়া)
সালমান/