বল দখল ও আক্রমণে দাপট দেখিয়েছে ইংল্যান্ড। কিন্তু আধিপত্য দেখালেও পানামার জালে বল জড়াতে ব্যর্থ হয়েছে থ্রি লায়ন্সরা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি পানামাও। তাতে গোলশূন্য সমতায় শেষ হলো প্রথমার্ধ।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে টমাস রদ্রিগেজের ডান পায়ের শটটি রুখে দেন জর্ডান পিকফোর্ড। এরপর সপ্তম মিনিটে সুযোগ পায় ইংল্যান্ড। জুড বেলিংহামের কাছ থেকে পাস ধরে ভেতরে ঢুকে শট নেন মার্কাস রাশফোর্ড। তবে তার জোরালো শট দারুণভাবে রুখে দেন পানামার গোলরক্ষক অরল্যান্ডো মস্কেরা।
এরপর ১৪ মিনিটে বক্সের ডান দিক থেকে নেওয়া শটটি লক্ষ্যে রাখতে পারেননি বুকায়ো সাকা। তার আরও একটি শট প্রতিহত হয় মরগান রজার্সের সহায়তায়।
ম্যাচের ২৫ মিনিটে টমাস রদ্রিগেজ ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন। তবে সতর্ক থাকায় সহজেই তা রুখে দেন ইংলিশ গোলরক্ষক। ৩৮ মিনিটে বক্সের ভেতরে সাকাকে ফেলে দেওয়া হয়েছে বলে পেনাল্টির আবেদন করে ইংল্যান্ড। তবে রেফারি তাতে কোনো সাড়া দেননি।
বিরতিতে যাওয়ার আগে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হয় হ্যারি কেইন। তাতে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। তবে রাশফোর্ডের নেওয়া সেই শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তাতে গোলবঞ্চিত থেকে বিরতিতে যায় ইংল্যান্ড।
এসজি/