পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) উঠেছে ইংল্যান্ড।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় রাতে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম ও হ্যারি কেইনের নৈপুণ্যে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।
ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ইংল্যান্ড। তবে পানামার সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা। প্রথমার্ধে দুই দলই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে ম্যাচের গতিপথ বদলে দেন জুড বেলিংহাম। বুকায়ো সাকার নেওয়া কর্নার থেকে আসা নিচু ক্রস ভলিতে জালে পাঠিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।
এর মাত্র পাঁচ মিনিট পর আবারও আক্রমণে জ্বলে ওঠে ইংল্যান্ড। এবার বেলিংহামের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। ফলে ব্যবধান দাঁড়ায় ২-০।
ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে হোসে ফাজার্ডো গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর আর কোনো দলই গোল করতে না পারায় পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এই জয়ের ফলে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখে থমাস টুখেলের দল। শেষ ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ডিআর কঙ্গো বা সেনেগাল।
সালমান/