বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর শেষ ম্যাচে পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। নকআউট পর্ব ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে থমাস টুখেলের দল। তবে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপসেরা হিসেবেই দ্বিতীয় রাউন্ডে যেতে চায় ইংলিশরা। আর এই ম্যাচে ব্যক্তিগত এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন অধিনায়ক হ্যারি কেইন।
বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে যৌথভাবে শীর্ষে আছেন গ্যারি লিনেকার ও হ্যারি কেইন। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে লিনেকারের ১০ গোলের রেকর্ড স্পর্শ করেন কেইন। পানামার বিপক্ষে আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপে ইংল্যান্ডের একক সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি।
গ্যারি লিনেকার ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১০টি গোল করেছিলেন। অন্যদিকে ২০১৮, ২০২২ ও চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে কেইনের গোলসংখ্যাও এখন ১০। ফলে পানামার বিপক্ষে তার সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।
পানামার বিপক্ষে সুখস্মৃতিও রয়েছে ইংল্যান্ডের। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দলের একমাত্র দেখায় ৬-১ গোলের বড় জয় পেয়েছিল ইংলিশরা। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন হ্যারি কেইন।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ইংল্যান্ডের লক্ষ্য জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করা, আর কেইনের লক্ষ্য ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করা।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচেই হেরে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে পানামার। শেষ ম্যাচে অন্তত সম্মানজনক একটি ফল নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করার লক্ষ্য থাকবে তাদের।
সালমান/