গ্রুপসেরা হিসেবেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে নিয়মরক্ষার লড়াইয়ে একাদশে বড় ধরনের রদবদল এনেছেন কোচ লিওনেল স্কালোনি। শুরুর একাদশে করেছেন ৯টি পরিবর্তন।
রবিবার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। নকআউট নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দলের অধিনায়ক লিওনেল মেসিও থাকছেন না শুরুর একাদশে। চলতি আসরে আর্জেন্টিনার প্রথম দুই জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুই ম্যাচে করেছেন পাঁচ গোল।
অস্ট্রিয়ার বিপক্ষে জয় পাওয়া একাদশ থেকে কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছেন।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
এসজি/