২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সূচি বা ব্র্যাকেটের ভিন্ন ভিন্ন পাশে পড়ে গেছে আর্জেন্টিনা ও পর্তুগাল। ফলে ফুটবলপ্রেমীদের বহু প্রতীক্ষিত লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ এখন অনেকটাই কঠিন সমীকরণের মুখে। তবে সমীকরণ কঠিন হলেও, এই দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।
শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। 'কে' গ্রুপের রানার্স-আপ হিসেবে তারা নকআউট পর্বে পা রাখায় ফুটবল ভক্তরা কিছুটা হতাশ হয়েছেন। কারণ, দুই দলই নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালেই দেখা হতে পারত আর্জেন্টিনা ও পর্তুগালের। কিন্তু পর্তুগাল রানার্স-আপ হওয়ায় এবং আর্জেন্টিনা নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করায়, এখন কেবল ফাইনালেই এই দুই দলের দেখা হওয়া সম্ভব।
জর্ডানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, আর্জেন্টিনা ইতোমধ্যেই 'জে' গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে। অন্যদিকে পর্তুগাল রানার্স-আপ হওয়ায় এখন মেসি ও রোনালদোর মুখোমুখি হতে হলে দুই দলকেই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পথ পাড়ি দিতে হবে। ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল কিংবা নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলগুলো যেভাবে ফর্মে রয়েছে, তাতে দুই দলের জন্যই ফাইনালের টিকিট কাটা বেশ কঠিন হবে। তবে ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়।
ফাইনালে ওঠার সম্ভাব্য পথ: পর্তুগাল
পর্তুগালের নকআউট পর্বের যাত্রা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২ জুলাই)। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে 'এল' গ্রুপের রানার্স-আপ ক্রোয়েশিয়ার।
ক্রোয়েশিয়া বাধা পার করতে পারলে রোনালদোদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আগামী ৬ জুলাই ডালাস স্টেডিয়ামে রাউন্ড অফ ১৬-এর ম্যাচে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী স্পেন।
স্পেনকে হারাতে পারলে ১০ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে ইংল্যান্ড বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিরুদ্ধে। আর সেই বাধা টপকাতে পারলে ১৪ জুলাই ডালাসে সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে পারে জার্মানি, নেদারল্যান্ডস কিংবা বর্তমানের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের।
ফাইনালে ওঠার সম্ভাব্য পথ: আর্জেন্টিনা
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন পুনরায় শুরু হচ্ছে আগামী শুক্রবার (৩ জুলাই)। মিয়ামি স্টেডিয়ামে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা মুখোমুখি হবে কেপ ভার্দের।
এই ম্যাচে জয় পেলে রাউন্ড অফ ১৬-তে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কলম্বিয়া, সুইজারল্যান্ড কিংবা ইরানের মতো কোনো দল। আর সেমিফাইনালের মঞ্চে বর্তমান চ্যাম্পিয়নদের পরীক্ষা নিতে অপেক্ষায় থাকতে পারে ফ্রান্স কিংবা নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় পরাশক্তিরা।
সব বাধা পেরিয়ে যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দুই দলই ফাইনালে পৌঁছাতে পারে, তবেই বিশ্বমঞ্চে দেখা যাবে ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলারের শেষ মহারণ।
আজহার/