চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে বাবার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের নৃশংস হামলার শিকার হয়েছেন এক শোকগ্রস্ত পরিবারের সদস্যরা। হামলায় মৃতের ছেলে ও মেয়েসহ অন্তত পাঁচজন রক্তাক্ত আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) বর্বরোচিত ঘটনায় থানায় মামলা পর পুলিশ রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের দইয়া মাঝির নতুন বাড়ি এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৫৬)।
মামলার ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ জুন ভোরে স্বজন হারানোর বেদনা নিয়ে পারিবারিক কবরস্থানে বাবার কবর খনন করতে যান মো. ওসমান গনি ও তার পরিবারের সদস্যরা। ওই সময় প্রতিবেশী নুরুল ইসলাম ও তার সহযোগীরা কবরস্থানের জায়গাটি নিজেদের দাবি করে হঠাৎ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হন এবং কবর খননে বাধা দেন।
পরিবারের সদস্যরা এই অন্যায়ের প্রতিবাদ করলে প্রতিবেশীরা প্রকাশ্যেই ওসমান গনি ও তার বোন নার্গিস আক্তারকে (৪০) মারধর শুরু করেন। তাকে বাঁচাতে স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় ভাই-বোনসহ পাঁচজন গুরুতর জখম হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বাবার দাফনে বাধা ও হামলার ঘটনায় গত ২২ জুন আহত মো. ওসমান গনি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা মামলা করেছি। মামলার অন্যতম আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করে শনিবার (২৭ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।
আতিকুল/খাদিজা রুমি/