নাটোরের নলডাঙ্গা উপজেলায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তা এখন সম্পূর্ণ বিষাক্ত পার্থেনিয়াম মুক্ত। মানবদেহ, গবাদি পশু ও ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর এই আগাছাগুলো কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে আগাছা কাটার সঙ্গে যুক্ত হন সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
তথ্যমতে, পার্থেনিয়াম অত্যন্ত বিষাক্ত ও আগ্রাসী আগাছা। এই আগাছা মানুষ ছাড়াও গবাদিপশু ও ফসলের জন্য ক্ষতিকর। আগাছার সংস্পর্শে মানুষের ত্বকে তীব্র চুলকানি, অ্যালার্জি ও ফুসকুডি় হয়।
এছাড়া ওই আগাছার পরাগরেণু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে হাঁপানি ও শ্বাসকষ্টের মতো রোগ সৃষ্টি হয়। গবাদিপশু এই আগাছা খেলে হজমের সমস্যা ছাড়াও জ্বর, দুর্বলতা এবং চর্মরোগ দেখা দেয়।
এছাড়া পার্থেনিয়াম আগাছা মাটিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এতে ধান, গম ও ভুট্টার মতো ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, এই আগাছার ক্ষতি নিরসনে তারা এমন উদ্যোগ নিয়েছেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকতা আল এমরান খান বলেন, এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতার অংশ হিসাবে বিষাক্ত আগাছা পরিস্কারে উপজেলা প্রশাসন সহযোগীতা করেছে। ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগও নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, তরুণ দিগন্ত সংগঠনের সভাপতি তাহমিদুর রহমান সৌমিক, পরিবেশকর্মী হুমাউন রশিদ, রবিউল ইসলাম, অর্নব, মিন্টু, সাকিব, রিয়াজ, জয়, বাপ্পী, ফারুক, আলিফ, টুটুল, রুবেল, ইয়াকুব, জিল্লুর রহমান জুলু অমি এবং মাধনগর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যরা।
কামাল/খাদিজা রুমি/