গ্যারি লাইনকারের ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হ্যারি কেন। শনিবার বৈশ্বিক ফুটবলের এই মহাআয়োজনে নিজের ১১তম গোলটি করে নিজের অসাধারণ ক্যারিয়ারে আরও একটি নতুন কীর্তি যোগ করলেন এই স্ট্রাইকার। একই সঙ্গে তার এই রেকর্ডের দিনে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচে গোল করে লাইনকারের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কেন। আর শনিবার নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত উল্লাসিত দর্শকদের সামনে জুড বেলিংহামের এক চমৎকার অ্যাসিস্ট থেকে হেডের সাহায্যে গোল করে রেকর্ডটি এককভাবে নিজের করে নেন তিনি।
পানামার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের পর বেলিংহাম বলেন, 'তার সঙ্গে খেলাটা সত্যিই সম্মানের। আমার কাছে তিনি ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড়।'
বেলিংহাম আরও যোগ করেন, 'ইংল্যান্ডের আর যেকোনো খেলোয়াড়ের চেয়ে তিনি দলের প্রয়োজনে সবচেয়ে বেশি এগিয়ে এসেছেন। তার সঙ্গে খেলাটা খুবই সহজ। সত্যি বলতে, তিনি বর্তমানে যে স্তরে আছেন তা এক কথায় অবিশ্বাস্য।'
হ্যারি কেনের ওপর দলের অগাধ বিশ্বাসের কথা জানিয়ে বেলিংহাম বলেন, 'তিনি খেলায় কতটা সম্পৃক্ত থাকছেন তা নিয়ে আপনার মনে কোনো সন্দেহের অবকাশই থাকবে না, কারণ আপনি জানেন যে তিনিই ম্যাচের ভাগ্য গড়ে দেবেন।'
আগামী বুধবার নকআউট পর্বের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। সেখানে তারা গ্রুপ পর্বের অন্যতম সেরা তৃতীয় স্থান অধিকারী আটটি দলের যেকোনো একটির মুখোমুখি হবে।
আজহার/