বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর পদত্যাগ করেছেন দলটির প্রধান কোচ হং মিয়ং-বো। শনিবার নকআউটে ওঠার শেষ সম্ভাবনাও শেষ হয়ে যাওয়ার পরদিন রবিবার (২৮ জুন) দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
৫৭ বছর বয়সী সাবেক অধিনায়ক হং মিয়ং-বো দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্বে ছিলেন। তবে ২০১৪ সালের পর এবারও তার অধীনেই বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হলো দক্ষিণ কোরিয়াকে।
বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রকে নিয়ে গঠিত ‘এ’ গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়া সহজেই পরের রাউন্ডে উঠবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর কাছে ১-০ ব্যবধানে হেরে যায় তারা। গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট পেলেও সেটি নকআউট নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না।
গ্রুপে তৃতীয় হয়ে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার আশা ছিল দক্ষিণ কোরিয়ার। তবে শনিবার অন্য ম্যাচগুলোর ফল তাদের সেই সম্ভাবনাও শেষ করে দেয়।
এরপর রবিবার দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন হং মিয়ং-বো। তবে তার দ্বিতীয় মেয়াদ শুরুর আগেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। ২০২৪ সালে তাকে পুনরায় কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে সমালোচনা হয়েছিল ফুটবল মহলে। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স সেই চাপ আরও বাড়িয়ে দেয়।
উল্লেখ্য, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও হং মিয়ং-বোর অধীনে কোনো ম্যাচ জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। সেই আসরেও গ্রুপপর্ব থেকে বিদায়ের পর পদত্যাগ করেছিলেন তিনি।
এসজি/