বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় থাকা কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্ডিসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন দলের এক ব্রাজিলিয়ান অনুবাদক। তার দাবি, চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফরের সময় অকল্যান্ডের একটি হোটেলে ঘটনাটি ঘটে।
ব্রাজিলীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ওই অনুবাদককে প্রথমে দলের একটি হোটেল কক্ষে ম্যাচ-পরবর্তী মিটিংয়ের জন্য ডাকা হয়। পরে তিনি বিষয়টিকে সামাজিক আড্ডা হিসেবে ধরে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি নিজের কক্ষে ফিরে গেলে দরজায় কড়া নাড়ার শব্দ পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এরপর রায়ান মেন্ডিস জোর করে তার কক্ষে প্রবেশ করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর তিনি তাকে ধর্ষণ করেন। তিনি আহত হওয়ার ছবি ও চিকিৎসা সংক্রান্ত প্রমাণ পুলিশের কাছে জমা দিয়েছেন এবং ফরেনসিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ, মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ যাচাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগপত্র (চার্জ) গঠন করা হয়নি।
ফিফা জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে চলমান তদন্তের কারণে বিস্তারিত মন্তব্য করেনি।
কেপ ভার্দে ফুটবল ফেডারেশনও বিষয়টি পুলিশের ওপর ছেড়ে দিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত রায়ান মেন্ডিস এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সূত্র: মার্কা
এসজি/