২০২৬ ফিফা বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর রেকর্ড সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (কাফ) সভাপতি প্যাট্রিস মোতসেপে। তিনি মনে করেন, যুব ফুটবল, উন্নত কোচিং, পেশাদার লিগ এবং অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের পরিকল্পিত বিনিয়োগের সুফলই এবার বিশ্বমঞ্চে দেখা গেছে।
এক বিবৃতিতে মোতসেপে বলেন, কাফের অন্তর্ভুক্ত ৫৪টি সদস্য দেশের সম্মিলিত প্রচেষ্টা এবং ফুটবলের ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ আফ্রিকান ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে রেকর্ড ৯টি দল শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে। নকআউট পর্বে ওঠা দলগুলো হলো-আলজেরিয়া, কেপ ভার্দে, ডিআর কঙ্গো, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। কেবল তিউনিসিয়া গ্রুপ পর্বে তিনটি ম্যাচ হেরে বিদায় নিয়েছে।
মোতসেপে বলেন, ‘যুব ফুটবল, উন্নত কোচিং, পেশাদার লিগ এবং অবকাঠামোগত উন্নয়নে যে কঠোর পরিশ্রম ও বিনিয়োগ করা হয়েছিল, তা এখন ফল দিতে শুরু করেছে।’
তিনি নকআউটে ওঠা নয়টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, কার্যনির্বাহী কমিটি এবং সরকারকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। কাফ সভাপতির ভাষায়, ‘স্বচ্ছতা ও সুশাসনের কারণে আফ্রিকান ফুটবলে নতুন বিনিয়োগ এসেছে। এর মাধ্যমে সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, নকআউটে ওঠা দলগুলো নিজেদের দেশ ও পুরো আফ্রিকাকে আরও গর্বিত করবে।’
পাপ্পু/অনিক/