পুকুরে ভাসমান মো. ইলিয়াছ-এর মরদেহ। ছবি: খবরের কাগজ
চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মো. ইলিয়াছ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের ফুলন বাবুর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইলিয়াছ গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। প্রায় দুই সপ্তাহ আগে তার ব্যবহৃত ফোনটি হারিয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন।
আজ সোমবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় যত্রতত্র পড়ে থাকতেন। পরিবার, স্থানীয় ও পুলিশের ধারণা, তিনি মদ্যপ অবস্থায় হয়তো পুকুরে পড়ে যান, এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহটি স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
ছদাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, 'তিনি প্রায় সময়ই মদ্যপান করে যত্রতত্র শুয়ে থাকতেন। আমাদের ধারনা, শনিবার রাতে তিনি মদ্যপান করে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের পুকুরে পড়ে যান। এতে তার মৃত্যু হয়।'
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী খবরের কাগজকে বলেন, 'আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধ নিয়মিত মদ্যপান করতেন এবং মদ্যপ অবস্থায় হয়তো তিনি পুকুরে পড়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।'
আরিফুল ইসলাম/আজহার/