শেরপুরের সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে ফেরা দুই বাংলাদেশি নাগরিককে আটক করে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাওয়াকুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার এলাকার মো. ইব্রাহিম (৩৩) এবং একই উপজেলার ঘনশ্যামপুর এলাকার মো. শরীফ (১৮)।
বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১০৯৭ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাঙ্গাজান এলাকায় দুই অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, গত ২৬ জুন দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে সোমবার ভোর ৪টার দিকে একই চক্রের সহায়তায় আবার বাংলাদেশে ফিরে আসেন তারা।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় ওই দুই বাংলাদেশিকে আটক করার পর সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১০৯৬ এর ২এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের পুশব্যাক করা হয়।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, ’সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় আমাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত আছে।
শাকিল মুরাদ/থিওটোনিয়াস