আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পায় তার অভিনীত নাটক ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। পরবর্তী সময়ে মে মাসে নাটকটি বঙ্গর ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়। নাটক প্রকাশের পরও অভিনয়ের সম্পূর্ণ পারিশ্রমিক এখনো পাননি বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
এমন অভিযোগের বিষয় স্বীকার করলেও পারসা ইভানার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ তুলেছেন নাটকের নির্মাতা ফরহাদ আহমেদ ইশান। তার দাবি, পারসা তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছেন। সম্প্রতি ফেসবুকে কয়েকটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে পারসা ইভানা লেখেন, ‘সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাদের পাওনা বুঝে পাননি। আমাকে নির্মাতা কিছু টাকা দিয়েছেন, তবে এখনো পুরো পারিশ্রমিক পরিশোধ করেননি। সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি। বিষয়টি নিয়ে কথা বলা একজন শিল্পী হিসেবে আমারও দায়িত্ব।’
এই অভিনেত্রী আরও লেখেন, ‘আমার নিজের টাকা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।’
অভিযোগ সম্পর্কে নির্মাতা ফরহাদ আহমেদ ইশান গণমাধ্যমকে বলেন, ‘পারসা আমার কাছে আরও ১০ হাজার টাকা পাবেন। তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। তাকে জানিয়েছি, দ্রুত পাওনা বুঝিয়ে দেব। কিন্তু তিনি হঠাৎ ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেছেন, প্রোডাকশন বয়সহ অনেকেই আমার কাছে টাকা পান, যা পুরোপুরি সত্য নয়। দুয়েকজন ছাড়া প্রায় সবাইকে আমি পারিশ্রমিক পরিশোধ করেছি।’
অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগে ইশান বলেন, ‘কয়েক মাস ধরে আমার মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। কোনো কাজ করতে পারছি না। ফলে অর্থনৈতিক সংকটে পড়েছি। বিষয়টি তাকে জানানোর পরও তিনি আমাকে হুমকি দিয়েছেন। বলেছেন, আমি কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটা তিনি দেখে নেবেন। এছাড়া তিনি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন। এর ফলে আমি হেনস্তার শিকার হচ্ছি।’